প্রিন্ট এর তারিখঃ Feb 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 14, 2025 ইং
বগুড়ায় বাসের ভিতর কিশোরীকে ধর্ষণ চেষ্টা, বাসচালক গ্রেপ্তার

বগুড়ায় ঘুরতে আসা এক কিশোরীকে (১৭) বাসের ভিতরে ধর্ষণের চেষ্টার অভিযোগ তুলে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে বগুড়ার শাজাহানপুর থানায় এই মামলা করেন ভুক্তভোগী ভগ্নিপতি।
মামলার পর এ ঘটনায় জড়িত প্রধান অভিযুক্ত বাসচালক মো: সোহাইল হাসান শাকিবকে (২৬) আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
এর আগে গতকাল সোমবার টাঙ্গাইলের কালীহাতি উপজেলার এলেঙ্গা এলাকা থেকে বাসচালক শাকিবকে আটক করে বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পরে রাত আড়াইটার দিকে তাকে শাজাহানপুর থানায় হস্তান্তর করেন তারা।
গ্রেপ্তার হওয়া শাকিব শাহাজানপুরের জয়ন্তীবাড়ি এলাকার বাসিন্দা। মামলায় বাসের সহকারী মো. সৈকত (২২) নামে আরও একজনকে আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি রয়েছে আরও ৩ জন।
পুলিশ সূত্র জানায়, সোমবার সকালে দশম শ্রেণির ওই ছাত্রী ও তার এক বন্ধু সিরাজগঞ্জ থেকে বগুড়ায় বাসে চড়ে বেড়াতে আসে। দুপুরে বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী এলাকায় সব যাত্রী নেমে গেলে তাকে শারিরীকভাবে নির্যাতন করেন বাসের চালক। ঘটনাটি জানাজানি হলে পুলিশ ওই কিশোরীকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। আর ডিবি টিম ও শাজাহানপুর থানা পুলিশ অভিযান চালিয়ে বাসচালক শাকিবকে আটক করে। সেই ঘটনায় বাসচালক আজ মামলা দায়ের হয়।
তবে উদ্ধারের পর ভুক্তভোগী ওই কিশোরী গণমাধ্যমকর্মীদের কাছে বাসচালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছিল। কিন্তু পুলিশ বলছে, তাদের ধর্ষণের কথা জানায়নি ভুক্তভোগী। আবার আটকের পর ডিবি পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাসচালক শাকিব ধর্ষণের বিষয়টি অস্বীকার করেছিল। এসব বিষয়ে ভুক্তভোগী ছাত্রী ও তার অভিভাবকদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মামলার এজাহারে বলা হয়, ভুক্তভোগী কিশোরী তার বন্ধু আরকে পরিবহনের বাসে করে বগুড়া বেড়াতে আসে। বাসটি বনানী এলে সব যাত্রী নেমে যায়। ওই সময় ভুক্তভোগী ও তার বন্ধু নামতে চাইলে বাসচালক ও সহকারী নিষেধ করে। তারপর বাসের চালক শাকিব ভুক্তভোগীকে গাড়ির ভিতরের পিছনের ছিটে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে ওই কিশোরীকে বাসের ভিতরে তার ইচ্ছার বিরুদ্ধে পরনের বোরকা তুলে পায়জামার ফিতা খুলে ধর্ষনের চেষ্টা করে। মেয়েটি চিৎকার দেয়ার চেষ্টা করলে তার মুখ চেপে ধরে। তখন মেয়েটির বন্ধু এগিয়ে আসলে আসামীদ্বয় তাকে ভয়ভীতি দেখায়ে গাড়ি থেকে নামিয়ে দেয়।
এরপর আরকে বাসের চালক ও সহকারী ভুক্তভোগী কিশোরীকে নিয়ে বগুড়ার পর্যটন মোটেলের পশ্চিমে হাইওয়ে রোডের পার্শ্বে অবস্থিত গাড়ি ওয়াশ করার একটি ডকে নিয়ে যায়। সেখানে তারা ওই মেয়েটিকে বাসটির পিছনের সিটে বসিয়ে রাখে। এর কিছুক্ষন পর দুজন আসামী আরও ২-৩ জনকে সাথে নিয়ে এসে ঘটনাটি গোপন রাখার জন্য মেয়েটিকে নানা রকম ভয়ভীতি দেখায়।
পরবর্তীতে গাড়ি ওয়াশ করে ভুক্তভোগী কিশোরীকে ওই বাসে করে বগুড়া শহরস্থ ঠনঠনিয়া বাস স্ট্যান্ডে নিয়ে যায়। সেখানে চালক ও সহকারী মেয়েটিকে ঢাকাগামী অন্য একটি বাসে তুলে দেয়ার চেষ্টা করে। কিন্তু এই কিশোরী বিষয়টি আর কে বাসের কাউন্টারে গিয়ে জানালে বাসস্ট্যান্ডের লোকজন থানায় সংবাদ দেয়।
শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম শফিক মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ভুক্তভোগীর ভগ্নিপতির করা মামলায় বাসচালক শাকিবকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে চালান করা হয়। এ ছাড়া পলাতক অন্য আসামিকে গ্রেপ্তারে জন্য অভিযান অব্যাহত আছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ North Bulletin